আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে সম্ভাব্য নৈরাজ্য, নাশকতা ও অপপ্রচার প্রতিরোধে চট্টগ্রাম মহানগরে শক্ত অবস্থান নিয়েছে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। আজ মঙ্গলবার ২৩ জুন সকাল থেকে নগরীর ৪১টি ওয়ার্ড জুড়ে সক্রিয় কর্মসূচি পালন করেছে দলীয় নেতাকর্মীরা। এমন অবস্থায় বিকাল ৩টা পর্যন্ত নগরের কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের ঝটিকা মিছিল বা কোনো ধরণের রাজনৈতিক কর্মসূচির খবর পাওয়া যায়নি।
চট্টগ্রাম মহানগরের বহদ্দারহাট, টাইগারপাস, জিইসি মোড়, ২ নম্বর গেট, পলিটেকনিক, বায়েজিদ, আগ্রাবাদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার সড়কে ও অলি-গলিতে কর্মসূচি পালন করেছে। বিএনপি ও তার অঙ্গসহযোগী সংগঠনসহ জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোটের দলীয় নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেছে। এসময় তাদেরকে রাজনৈতিক আলোচনা সভা, সমাবেশ, মিছিল করতে দেখা গেছে।
বিএনপি ও তার অঙ্গসংগঠন (যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল), জামায়াতে ইসলামী, ছাত্রশিবির, এনসিপি, যুবশক্তি, নারীশক্তি ও ছাত্রশক্তির নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান জানিয়েছেন, তাদের আনুষ্ঠানিক কোনো কর্মসূচি না থাকলেও ৪১টি ওয়ার্ডে নেতাকর্মীরা সতর্ক অবস্থানে আছেন। কোনো দুষ্কৃতকারী যেন মাঠে নেমে বিশৃঙ্খলা করতে না পারে, সেজন্য তারা আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করছেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গুম,খুন,গণহত্যার বিচার দাবিতে ২৩ জুন বিকাল সাড়ে ৪টায় জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে নগরীর দুই নম্বর গেট চত্বরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে। তাছাড়া দলটির নগর শাখার উদ্যোগে একই দিন সন্ধ্যায় ২নম্বর গেট এলাকা থেকে প্রবর্তক মোড় পর্যন্ত মশাল মিছিল বের করার সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের যেকোন ধরণের অপতৎপরতা রোধে রাজনৈতিক দলের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে রাজপথে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জনসংযোগ কর্মকর্তা ও সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ জানান, নগরের প্রতিটি মোড়ে মোড়ে টহল জোরদার করা হয়েছে। আমাদের ফোর্সগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে যেন কেউ কোনো ধরণের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।
পূর্বতারা/ইউডি