শনিবার, ২০ জুন ২০২৬

সাতকানিয়ায় স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ, যুবক আটক

সাতকানিয়া প্রতিনিধি

প্রকাশ : ২০ জুন ২০২৬, ০৩:৪৭

চট্টগ্রামের সাতকানিয়ায় এক স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে টুটুল রায় (২১) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীকে উদ্ধার এবং অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

শনিবার (২০ জুন) ভুক্তভোগীর বাবা জয়নুল আবেদিন বাদী হয়ে সাতকানিয়া থানায় মামলাটি দায়ের করেন। অভিযুক্ত টুটুল রায় দক্ষিণ রাঙ্গুনিয়ার কোদালা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জয়ন্ত রায়ের পুত্র। বর্তমানে তিনি বাঁশখালীর পুকুরিয়া চা বাগান এলাকায় বসবাস করেন।

অভিযোগে বলা হয়, ৯ জুন সকালে চরতী ইউনিয়নের তালগাঁও এলাকায় আজিজিয়া আশ্রাফুল উলূম মাদ্রাসার সামনে থেকে ১৪ বছর বয়সী স্কুলছাত্রীকে অপহরণ করা হয়। পরে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করা হয় বলে উল্লেখ করা হয় এজহারে।

ঘটনার পর নিখোঁজ ডায়েরির ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল মিরসরাই থেকে টুটুল রায়কে আটক করে পুলিশ। একই দিন ভিকটিমকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।

ভিডিও