বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ৩০ খালের কাজ শতভাগ সম্পন্ন

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০৭:৪১

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেছেন, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় থাকা ৩৬টি খালের মধ্যে ৩০টির কাজ শতভাগ সম্পন্ন হয়েছে। বাকি পাঁচটি খালের কাজ প্রায় ৬৮ শতাংশ শেষ হয়েছে এবং আগামী ডিসেম্বরের মধ্যে অবশিষ্ট কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সিডিএর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতাধীন বিভিন্ন খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সিডিএ চেয়ারম্যান জানান, এর বাইরে যে খালগুলো আছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন। সিটি করপোরেশন যদি ওই খালগুলোর কাজও ত্বরিৎ গতিতে শেষ করে, তাহলে আমার মনে হয় চট্টগ্রামবাসী জলাবদ্ধতা থেকে মুক্ত হবে। ওগুলো যদি সংস্কার না করেন, তাহলে এগুলোর উপর লোড হবে।

বেলায়েত হোসেন আরও বলেন, একসময় চাক্তাই খাল ছিল নগরীর জলাবদ্ধতার অন্যতম প্রধান কারণ। তবে আধুনিক স্লুইস গেট নির্মাণ ও খাল সংস্কারের ফলে এখন এটি জলাবদ্ধতা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানে প্রকল্পটি কার্যকর ভূমিকা রাখবে, তবে শুধু অবকাঠামো নির্মাণই যথেষ্ট নয়। নাগরিক সচেতনতা ছাড়া এই উদ্যোগ টেকসই হবে না।

সিডিএ চেয়ারম্যান সতর্ক করে বলেন, খাল ও নালায় যত্রতত্র বর্জ্য ফেলা হলে পানি প্রবাহ বাধাগ্রস্ত হবে এবং জলাবদ্ধতা সমস্যা আবারও ফিরে আসবে। আমরা যদি সচেতন না হই, তাহলে কোনো প্রকল্পই শতভাগ সুফল দিতে পারবে না, যোগ করেন তিনি।

চলতি বর্ষা মৌসুম থেকেই নগরবাসী জলাবদ্ধতা নিরসন প্রকল্পের সুফল পেতে শুরু করবে বলে আশাবাদ ব্যক্ত করে প্রকল্পের স্থায়িত্ব নিশ্চিত করতে খাল ও নালায় বর্জ্য না ফেলার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানন তিনি।

এ সময় সিডিএ ও জলাবদ্ধতা নিরসন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিডিও