মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বাকলিয়ায় শিশু ধর্ষণ

২৫ দিনেই বিচার, বুধবার রায়

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০১:৪৫

নগরের বাকলিয়ায় চার বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার রায় ঘোষণার তারিখ ধার্য করেছেন আদালত। আগামীকাল বুধবার (১৭ জুন) রায়ের তারিখ দিয়েছেন চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা।  

মঙ্গলবার (১৬ জুন) সকালে তিনি রায়ের তারিখ নির্ধারণের আদেশ দেন।

আসামি মনির হোসেন এসময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার ঘারঘাটা এলাকার বাসিন্দা হরেও চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকার মিয়াখাননগরে বসবাস করতেন।

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ বলেন, বাকলিয়ায় চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায় মোট ১৮ জন সাক্ষীর সাক্ষ্য নিয়েছেন আদালত। মঙ্গলবার (আজ) যুক্তিতর্ক শেষে আগামীকাল বুধবার (১৭ জুন) রায়ের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। আশা করি, ট্রাইব্যুনাল সর্বোচ্চ দণ্ড প্রদান করবেন।

আদালত সূত্র জানায়, গত ২১ মে বিকেলে বাকলিয়া থানার ১৯ নম্বর ওয়ার্ডের নুর হোসেন চেয়ারম্যানঘাটা এলাকার বালুরমাঠসংলগ্ন একটি গুদামকক্ষে চার বছর বয়সী ওই শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির বাবা মেহেদী হাসান বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা করেন। গত ৪ জুন মাত্র ১৩ দিনের মাথায় আদালতের প্রসিকিউশন শাখায় অভিযোগপত্র দাখিল করা হয়। ৯ জুন মামলার একমাত্র আসামি মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।

গত ১৪ জুন রোববার চট্টগ্রাম মহানগরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়। সোমবার ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামির পরীক্ষা গ্রহণ করা হয়। পরে আদালত মঙ্গলবার (১৬ জুন) যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেন।

পূর্বতারা/ইউডি

ভিডিও