চট্টগ্রামের বাকলিয়ায় আলোচিত শিশু ধর্ষণ মামলায় যুক্তি-তর্ক উপস্থাপন হবে আগামীকাল মঙ্গলবার। সোমবার (১৫ জুন) আসামির আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিলো। এ সময় মামলার একমাত্র আসামি মনির হোসেন নিজেকে নির্দোষ দাবি করেন।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ জানান, মামলায় মোট ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। সোমবার ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামির পরীক্ষা গ্রহণ করা হয়। পরে আদালত মঙ্গলবার (১৬ জুন) যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেন।
এর আগে, গত ২১ মে বিকেলে নগরীর বাকলিয়া চেয়ারম্যানঘাটা এলাকায় বালুরমাঠসংলগ্ন একটি গুদামকক্ষে সাড়ে তিন বছর বয়সী শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির বাবা মেহেদী হাসান বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা করেন। পুলিশ দ্রুত তদন্ত শেষ করে ১৩ দিনের মধ্যে আদালতে চার্জশিট জমা দিলে শুরু হয় বিচার কাজ।
গত ৯ জুন এ মামলায় আসামি মনিরের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এরপর চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইবুনালে শুরু হয় বিচারিক কার্যক্রম। গতকাল রোববার চট্টগ্রাম মহানগরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফছা ঝুমার আদালতে সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়।