বুধবার, ১৭ জুন ২০২৬

রাঙামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ : ১২ জুন ২০২৬, ১০:১০

রাঙামাটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় এক বছর ১০ মাস পর এমন মিছিলের ভিডিও প্রকাশ্যে আসায় বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যার পর ৪৪ সেকেন্ড দৈর্ঘ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হতে থাকে।

রাঙামাটি জেলা ছাত্রলীগের ফেসবুক পেজে প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহাগ চাকমার নেতৃত্বে ২০ থেকে ২৫ জন নেতাকর্মী ব্যানার নিয়ে মিছিল করছেন। ব্যানারে ‘শিক্ষার অধিকার ফিরিয়ে দাও’ লেখা ছিল।

ভিডিওতে অংশগ্রহণকারী অধিকাংশ নেতাকর্মীকে মাস্ক পরা অবস্থায় দেখা গেলেও সোহাগ চাকমা ছিলেন মুখ খোলা। এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘চলছে লড়াই চলবে, ছাত্রলীগ লড়বে’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

ছাত্রলীগের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাঙামাটি শহরের আসামবস্তী-কাপ্তাই সংযোগ সড়কের একটি সেতুর ওপর এ ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়।

তবে রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ভিডিওতে যে সেতুটি দেখা গেছে, সেটি কোতোয়ালি থানা এলাকার বিভিন্ন সেতুর সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে। প্রাথমিকভাবে এটি কোতোয়ালি থানা এলাকার কোনো সেতু নয়। অন্য কোনো থানা এলাকার হতে পারে।

ভিডিও