নগরের বাকলিয়ায় সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের মামলার চার্জশিট আমলি আদালত থেকে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে হস্তান্তরিত হল।
সোমবার (৮ জুন) চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফছা ঝুমার আদেশে মামলাটি ট্রাইব্যুনালে আমলে নিয়েছে।
এ সময় আসামি মনির হোসেন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ বলেন, বাকলিয়া থানার চার বছরের এক শিশুকে ধর্ষণের মামলা চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে বিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠানো হয়। ট্রাইব্যুনাল সোমবার অভিযোগপত্র আমলে নিয়ে মঙ্গলবার (৯ জুন) অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করেছেন।
এর আগে ১৩ দিনের মধ্যে তদন্ত শেষ করে গত বৃহস্পতিবার (৪ জুন) আদালতের প্রশিকিউশন শাখায় মামলাটির অভিযোগপত্র দাখিল করা হয়।
গত ২১ মে দুপুরে বাকলিয়ায় ডেকোরেশনের গুদামে সাড়ে তিন বছরের এক শিশুকে নিয়ে যৌন নির্যাতন করেন মনির। মনিরকে আটক করে এলাকাবাসী। পরে ঘটনাস্থলে পুলিশ এসে মনিরকে হেফাজতে নিয়ে থানায় আনতে গেলে জনতা বাধা দেয়। এ নিয়ে পুলিশ-জনতার মধ্যে ইট-পাথর নিক্ষেপ, লাঠিচার্জ, গুলিবর্ষণ, পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় বাকলিয়া। পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে ছদ্মবেশে আসামিকে থানায় নিয়ে যাওয়া হয়। পরদিন ২২ মে মনিরের বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা করেন শিশুটির বাবা।
পূর্বতারা/ইউডি