চট্টগ্রাম নগরের আকবর শাহ থানাধীন ফয়স লেক এলাকার একটি আবাসিক হোটেল থেকে রিপন ও সোনিয়া নামে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১ জুন) বেলা ১১টার দিকে সেখানকার হোটেল রয়েল পার্কের ৪০৯ নং কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। স্বামী-স্ত্রী পরিচয়ে নিহতরা ওই হোটেলটিতে কক্ষ ভাড়া নিলেও তাদের প্রকৃত পরিচয় কি তা জানে না পুলিশ।
পুলিশ জানিয়েছে, নিহত দুজন রোববার রাতে স্বামী-স্ত্রী পরিচয়ে ‘রয়েল পার্ক’ নামের হোটেলটিতে একটি কক্ষ ভাড়া নিয়েছিলেন।হোটেলের রেজিস্টারে পুরুষের নাম মোহাম্মদ রিপন উল্লেখ করা হয়েছে। সেখানে তার বাবার নাম মিরাজ আলী এবং মায়ের নাম সাহারা খাতুন লেখা।
অন্যদিকে কক্ষ থেকে একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উদ্ধার করা হয়। ওই এনআইডি কার্ডে নারীর নাম লেখা সোনিয়া। তবে হোটেলে দেওয়া তথ্য ও পরিচয়পত্রের তথ্যের সত্যতা যাচাই করছে পুলিশ।
এ ব্যাপারে আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, রিপন বসবাস করতেন নগরের আসকারদিঘির পাড় এলাকায়। তিনি ঝাল মুড়ি বিক্রি করতেন। আর সোনিয়া থাকতেন নগরের লাভলেন এলাকায়। অভিমান থেকে দুজনই আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তারা সম্পর্কে স্বামী-স্ত্রী কিনা সেটা জানা যায়নি। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
পূর্বতারা/ইউডি