সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে এক লাখ টন অপরিশোধিত তেল (ক্রুড) নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে ‘এমটি ফসিল’ নামের একটি ট্যাংকার। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর এটি বাংলাদেশে ক্রুডের দ্বিতীয় চালান।
শুক্রবার (২২ মে) ভোরে পানামার পতাকাবাহী ‘এমটি ফসিল’ নামের ট্রাংকারটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে। দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে এই ক্রুড অয়েল নেওয়ার পর তা থেকে পেট্রোল, অকটেন, কেরোসিন, ডিজেল ও ফার্নেসসহ ১৬ ধরনের তেল জাতীয় পণ্য পাওয়া যাবে।
এর আগে গত ৬ মে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে ‘এমটি নিনেমিয়া‘ নামে আরেকটি অয়েল ট্যাংকার দেশে এসেছিলো।
এদিকে ‘নর্ডিকস পলাক্স’ নামে একটি জাহাজে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের ১ লাখ টন অপরিশোধিত তেল দেশে আনার জন্য লোড করা থাকলেও হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকার কারণে সৌদি আরবের পূর্বাঞ্চলের রাস তানুরা বন্দরে আটকা পড়ে আছে জাহাজটি।