বুধবার, ১৭ জুন ২০২৬

আসলাম চৌধুরী ও সরোয়ার আলমগীরের আপিল শুনানি ৯ জুন

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৪ মে ২০২৬, ১২:৩৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী ও চট্টগ্রাম-২ আসনের প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতার বিরুদ্ধে করা পৃথক আপিল শুনানির জন্য আগামী ৯ জুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

একই সঙ্গে স্থগিত থাকা ভোটের ফলাফলের গেজেট প্রকাশ ও শপথের জন্য বিএনপির এই দুই প্রার্থীর করা পৃথক আবেদন নথিতে রাখা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় গত ১২ ফেব্রুয়ারি। চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে আসলাম চৌধুরী ও চট্টগ্রাম-২ আসনে সারোয়ার আলমগীর অংশ নেন। তবে নির্বাচনে তাঁদের ফলাফল প্রকাশ আদালতের সিদ্ধান্তে স্থগিত রয়েছে।

নির্বাচনের আগে হাইকোর্টের আদেশে চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল থাকে। অন্যদিকে হাইকোর্টে রিট করে প্রার্থিতা ফিরে পান চট্টগ্রাম-২ আসনের প্রার্থী সারোয়ার আলমগীর। পরবর্তীতে এই দুই প্রার্থীর বিরুদ্ধে আসনগুলোতে জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার সিদ্দিকী ও নুরুল আমিন পৃথক লিভ টু আপিল করেন। গত ৩ ফেব্রুয়ারি আপিল মঞ্জুর করে আদেশ দেন আপিল বিভাগ। আদেশে আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফল স্থগিত থাকার নির্দেশনা দেয়া হয়।

জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম প্রথম আলোকে বলেন, ফলাফলের গেজেট প্রকাশ ও শপথের জন্য বিএনপির দুই প্রার্থীর করা আবেদন নথিভুক্ত করে আপিল শুনানির জন্য আগামী ৯ জুন তারিখ ধার্য করেছেন আপিল বিভাগ।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরদিন ১৩ ফেব্রুয়ারি নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তীতে গত ১৭ ফেব্রুয়ারি নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়। তবে আদালতের আদেশে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল ঘোষণা করা হয়নি।

পূর্বতারা/ইউডি

ভিডিও