বুধবার, ১৭ জুন ২০২৬

এক দিনেই ভর্তি নগরের ৩৮ শিশু, মেয়রের দাবি ৯৪ শতাংশকে হামের টিকা দেয়া হয়েছে

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১২ মে ২০২৬, ০৫:০৭

লক্ষ্যমাত্রার ৯৪ শতাংশ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হয়েছে বলে দাবি করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন । অথচ মঙ্গলবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মহানগরের ৩৮ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার ভর্তি হয়েছিল মহানগরের ৫৪ জন শিশু।

একদিকে চলছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে হাম-রুবেলা টিকাদানের ক্রাশ প্রোগ্রাম। অন্যদিকে তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের হার।

মঙ্গলবার (১২ মে) চসিকের স্বাস্থ্য বিভাগের আয়োজনে চলমান হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬‘র অগ্রগতি নিয়ে এক বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন দাবি করেন , চসিক এলাকায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী (৫৯ মাস) মোট ৩ লাখ ২৮৫ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। গতকাল পর্যন্ত ২ লাখ ৮১ হাজার ৬৫০ জন শিশুকে সফলভাবে টিকা প্রদান করা হয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার ৯৪ শতাংশ। আগামী ২০ মে পর্যন্ত এই বিশেষ ক্যাম্পেইন চলমান থাকবে।

সভায় মেয়র বলেন, চলমান ক্রাশ প্রোগ্রামে শতভাগ শিশুকে টিকার আওতায় আনতে আমরা ডোর-টু-ডোর কার্যক্রম পরিচালনা করছি।বিশেষ করে জিরো ডোজ ও ঝরে পড়া শিশুদের খুঁজে বের করে টিকা দেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, চাকরিজীবী মায়েদের সুবিধার্থে প্রতিটি ওয়ার্ডে সান্ধ্যকালীন সেশন এবং শুক্রবারও টিকাদান কার্যক্রম চালু রাখা হয়েছে।

সভায় চসিকের স্বাস্থ্য বিভাগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পূর্বতারা/ইউডি

ভিডিও