চট্টগ্রাম নগরীতে বিভিন্ন খালে ভাসমান ময়লা পরিস্কারে এখন ব্যবহৃত হচ্ছে নৌকা। জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চলমান মাসব্যাপী ক্রাশ প্রোগ্রাম চলছে। প্রোগ্রামের আওতায় খালের পানি প্রবাহ স্বাভাবিক রাখতে নালা-নর্দমা ও খাল পরিস্কার করা হচ্ছে। এ কর্মসূচি বাস্তবায়নে সংস্থাটি এখন ব্যবহার করছে নৌকা।
আজ সোমবার সকালে নগরীর বাকলিয়া রসুলবাগ খালে নৌকা নিয়ে কর্মীদেরকে খালের ভাসমান ময়লা পরিস্কার করতে দেখা গেছে।চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এ কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় তিনি কর্মীদেরকে দ্রুত ও মানসম্মতভাবে কাজ করার নির্দেশনা দেন। পাশাপাশি খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে দখল ও দূষণমুক্ত পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
মেয়র বলেন, “খাল-নালা ও ড্রেনে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে পানি প্রবাহ ব্যাহত হচ্ছে। এতে সামান্য বৃষ্টিতেই নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। নগরবাসী সচেতন হলে এ সমস্যা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।”
তিনি আরও বলেন, “চট্টগ্রাম সিটি কর্পোরেশন জলাবদ্ধতা নিরসনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নালা-নর্দমা, ড্রেন ও খাল পরিষ্কার কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে। নগরকে পরিচ্ছন্ন ও জলাবদ্ধতামুক্ত রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নাগরিক সচেতনতা ছাড়া জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।
পূর্বতারা/ইউডি