শনিবার, ২০ জুন ২০২৬

পার্বত্য এলাকা থেকে গুলি এনে নগরীতে মজুদ, গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৯ মে ২০২৬, ০৫:২৩

চট্টগ্রামে পৃথক অভিযানে বিদেশি পিস্তলের ১৫০ রাউন্ড তাজা গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে এসব গুলি নগরীতে মজুদ রাখা হয়।

শনিবার (৯ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (গণসংযোগ) আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার নগরীর খুলশী ও চকবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে মো. ফয়সাল আহমেদ রনি (৪০) ও আমিনুল হক বাপ্পীকে (৩৯) গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, খুলশী থানার ওয়াসা মোড় এলাকার একটি ফাস্টফুডের দোকানে অভিযান চালিয়ে ফয়সাল আহমেদ রনির কাছ থেকে বিদেশি পিস্তলের ১৩৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চকবাজার থানার দামপাড়া এলাকায় অভিযান চালিয়ে আমিনুল হক বাপ্পীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে আরও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুইজন পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন উৎস থেকে এসব গুলি সংগ্রহ করে নগরীর বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন বলে জানিয়েছেন।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভিডিও