চট্টগ্রামে কিউলেক্স মশাবাহিত বিরল রোগ ‘জাপানিজ এনসেফালাইটিস’ উপসর্গ নিয়ে আক্রান্ত এক শিক্ষকের করুণ মৃত্যু হয়েছে। ড. জাকিয়া সুলতানা জুথি নামের ওই শিক্ষক চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটির (সিভাসু) অধ্যাপনা করতেন। তিনি ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফ্যাকাল্টির ফুড প্রসেসিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ছিলেন। বিরল রোগের উপসর্গে চট্টগ্রামে এই মৃত্যু জনসমাজে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।
চিকিৎসকদের ধারণা, ‘মাল্টিপল স্ট্রোক’ হয়েছিল তার। তবে তার মধ্যে ‘জাপানিজ এনসেফালাইটিস’ এর সকল উপসর্গ বিদ্যমান ছিল।
মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউ বিভাগের চিকিৎসক ডা. কাউসারুল আলম জানান, ‘হাসপাতালে যখন তাকে ভর্তি করানো হয় তখন তাঁর অবস্থা সংকটাপন্ন। ভর্তির কয়েক ঘণ্টার মধ্যেই ওই শিক্ষকের ‘মাল্টিপল স্ট্রোক’ হয়। চিকিৎসকরা আন্তরিকতা দিয়ে চেষ্টা করেন। পরে পরিবারের সদস্যরা এভারকেয়ার হাসপাতালে নিয়ে যান।’
পারিবারিক ও চিকিৎসক সূত্রে জানা গেছে, ড. জাকিয়া সুলতানা বান্দরবান বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার তিনদিনের মাথায় তিনি জ্বরে আক্রান্ত হন। গত ৪ মে সামান্য জ্বর অনুভব করেন ড. জুথি। সেই সঙ্গে ছিল প্রচণ্ড মাথাব্যথা ও বমি। প্রাথমিক অবস্থায় সাধারণ ফ্লু মনে হলেও দ্রুত তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাঁকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে তাঁকে প্রথমে এইচডিইউতে রাখা হয় পরবর্তীতে আইসিইউতে নেওয়া হয়। পরবর্তীতে দ্রুত চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু ততক্ষণে এই ভাইরাস তাঁর মস্তিষ্কে মারাত্মক প্রভাব ফেলে। গতকাল বৃহস্পতিবার তিনি মারা যান।
জানা গেছে, জাপানিজ এনসেফালাইটিস রোগ কিউলেক্স মশাবাহিত রোগ। সাধারণত শূকর বা বক জাতীয় প্রাণির থেকে কিউলেক্স মশায় বাহিত হয়ে এ রোগ ছড়ায়। তবে মানুষ থেকে মানুষে ছড়ায় না। ড. জাকিয়া সুলতানা যেহেতু বান্দরবান গিয়েছিলেন। সেখানে আদিবাসি সমাজে শূকর পালন করা হয়। শূকরকে কামড়ানো কিউলেক্স মশা থেকে জাকিয়া সুলতানা আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, “বিষয়টি আমরা জেনেছি। উনি সপ্তাহ খানেক আগে বান্দরবান গিয়েছিলেন বলে জেনেছি। তাই মেট্রোপলিটন হাসপাতালের সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করে উনার সব টেস্টের রিপোর্ট চাওয়া হয়েছে।
সিভিল সার্জন আরও বলেন, “জাপানিজ এনকেফেলাইটিস মশাবাহিত ভাইরাস। সেটাও হয়ে থাকতে পারে। বিষয়টি নিশ্চিত না হয়ে বলা সম্ভব না।
তবে জাকিয়া সুলতানা ‘জাপানিজ এনসেফালাইটিস’ রোগ উপসর্গে মারা গেলেও এই রোগ নিশ্চিতে কোন ধরণের ল্যাব টেস্টের সুযোগ পাওয়া যায়নি।
এদিকে জানা গেছে, চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ ইন্সটিটিউট অফ ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস ( বিআইটিআইডি)-তে রোগ নিরূপণের আরটিপিসিআর ব্যবস্থা রয়েছে। এখানে যেকোন রোগ পরীক্ষা নিরীক্ষা, নিরূপণ ব্যবস্থা থাকলেও প্রয়োজনীয় কিট নেই।
এ ব্যাপারে বিআইটিআইডি’র চিকিৎসক ও ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন বিভাগের প্রধান ডা. মামুনুর রশিদ বলেন, আমাদের ল্যাব টেস্ট ব্যবস্থা রয়েছে। তবে ‘জাপানিজ এনসেফালাইটি ‘ রোগ নিরূপণ পদ্ধতি জটিল । এ রোগে ব্রেন অ্যাটাক হয়। দ্রুত ডায়াগনসিস করতে হয়। কয়েক ধাপের পরীক্ষা নিরীক্ষা করতে হয়। আবার এ রোগের জন্য আলাদা কিটের প্রয়োজন। জাপানিজ এনসেফালাইটিস টেস্টের জন্য আমাদের কিট নেই।
পূর্বতারা/ইউডি