বুধবার, ১৭ জুন ২০২৬

খাগড়াছড়িতে আবুল খায়ের টোব্যাকোর বিরুদ্ধে তামাক চাষিদের বিক্ষোভ

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ : ৮ মে ২০২৬, ০৩:১৩

খাগড়াছড়ির দীঘিনালায় আবুল খায়ের টোব্যাকো কোম্পানির বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত তামাক চাষিরা। ন্যায্য মূল্য না পাওয়া এবং উৎপাদিত তামাক পাতা ক্রয়ে অনিয়মের অভিযোগ তুলে তারা এই কর্মসূচি পালন করেন।

শুক্রবার (৮ মে) সকালে উপজেলার বোয়ালখালী বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কলেজ গেইট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারী চাষিদের অভিযোগ, কোম্পানিটি বিভিন্ন প্রলোভন ও ঋণ সুবিধার মাধ্যমে তাদের তামাক চাষে উদ্বুদ্ধ করলেও বর্তমানে উৎপাদিত পাতা ন্যায্য মূল্যে কিনছে না। তাদের দাবি, ঋণের সমপরিমাণ পাতা ক্রয় করে বাকি অংশ ফেলে রাখা হচ্ছে, যা তাদের চরম আর্থিক ক্ষতির মুখে ফেলেছে।

চাষিরা জানান, প্রতি একর জমিতে ১২ থেকে ১৪ বেল তামাক উৎপাদিত হলেও কোম্পানি মাত্র ৪ থেকে ৫ বেল পাতা গ্রহণ করছে। এতে উৎপাদন খরচ তুলতে হিমশিম খেতে হচ্ছে তাদের।

সমাবেশে তারা কয়েক দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে— নিজস্ব এলাকায় বাইনকোড চালু, প্রতি একর জমির প্রথম ধাপে ১২ থেকে ১৪ বেল পাতা গ্রহণ, ন্যায্য মূল্যে তামাক পাতা ক্রয়, দুই ধাপে ঋণ পরিশোধের সুযোগ এবং ৬০ শতাংশ কালো পাতা ক্রয় নিশ্চিত করা।

চাষিরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত দাবি বাস্তবায়ন না হলে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

ভিডিও