বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

‘দক্ষিণ এশিয়ায় সংখ্যালঘুদের সবচেয়ে নিরাপদ স্থান হবে বাংলাদেশ’

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৭ মে ২০২৬, ০৮:৫৭

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দক্ষিণ এশিয়ায় সংখ্যালঘুদের জন্য সবচেয়ে নিরাপদ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে হবে। তিনি বলেন, হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টানসহ সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি হলে এনসিপিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফলের পরে বাংলাদেশের দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে। আমাদের দায়িত্বশীল আচরণ করতে হবে। এদেশের সব সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে।

তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে কয়েক লাখ মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে এবং তাদের ভোটাধিকার প্রয়োগে বাধা দেওয়া হয়েছে। এদের অধিকাংশ মুসলমান ও মতুয়া সম্প্রদায়ের বলে দাবি করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, সেখানে মুসলমানদের নির্যাতন করা হচ্ছে, মতুয়া, দলিত ও সংখ্যালঘুদের ওপরও নির্যাতনের খবর পাওয়া যাচ্ছে। এর প্রভাব বাংলাদেশেও পড়তে পারে।

তিনি আরও বলেন, বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেওয়া গোষ্ঠীগুলো সাম্প্রদায়িক উসকানি ও অপপ্রচার চালানোর চেষ্টা করবে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা দেখিয়ে দিতে চাই, দক্ষিণ এশিয়ায় সংখ্যালঘুদের জন্য সবচেয়ে নিরাপদ স্থান হবে এই বাংলাদেশ।

তিনি দেশে হামের প্রকোপ বৃদ্ধির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। সরকারকে পর্যাপ্ত চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। আমরা দেখতে চায় না আর একটি শিশুও হামের কারণে মৃত্যুবরণ করুক। সরকারকে বলবো, আপনারা পর্যাপ্ত চিকিৎসা সেবা বৃদ্ধি করুন।

ভিডিও