চট্টগ্রামে অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যোগদান অনুষ্ঠানটি বিএনপির সমালোচনাতেই মুখরিত ছিল। আজ বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত অনুষ্ঠানে দলটির কেন্দ্রীয় নেতাদের বক্তব্য জুড়ে ছিল শুধু বিএনপির সমালোচনা।
বিএনপির সমালোচনা করতে গিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিএনপি শুধূমাত্র নির্বাচনের জন্যই সংস্কারের কথা বলে বেড়িয়েছে। কিন্তু নির্বাচনের পর তারা আর সংস্কার নিয়ে কোন পদক্ষেপ নিচ্ছে না। তাদের মুখে এখন জুলাই গণহত্যা বা সংস্কার নিয়ে কোন কথা নেই। এতে বোঝা যাচ্ছে তারা সংস্কারের প্রতি কখনো কমিটেড ছিল না। বাংলাদেশে জুলাই গণহত্যা ও সংস্কারের জন্য এনসিপিকেই কাজ করতে হবে।
তিনি আরও বলেন, আজ যারা নতুন করে যোগদান দিচ্ছেন এবং যারা আগে থেকেই আছেন, সবাইকে একটাই প্রতিজ্ঞা করতে হবে- আমরা নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব রাখব না। যে যেখান থেকেই আসুন না কেন, এনসিপির পতাকাতলে সবাই যোগ্যতা অনুসারে ঐক্যবদ্ধভাবে কাজ করব। কারণ ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। বাংলাদেশে আবার সংকট তৈরি হয়েছে। এ সংকট মোকাবিলা করতে হবে।বাংলাদেশে জুলাই গণহত্যা ও সংস্কার বাস্তবায়ন করতে হবে। এটি এনসিপিকে বাস্তবায়ন করতে হবে। সেটি সংসদ এবং রাজপথে। আন্দোলনে আমাদের অনেক বোন রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছেন। তাদের অধিকার রক্ষায় আমাদের কাজ করতে হবে।
জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সাংসদ হাসনাত আবদুল্লাহর মুখেও ছিল বিএনপির নেতিবাচক চর্চা। বক্তব্যে তিনি বলেন, বর্তমানে রাষ্ট্রীয় ভাবে কালবৈশাখী ঝড় বইছে। তবে এনসিপিতে বসন্ত বইছে। বিএনপির অসংখ্য নেতাকর্মী এখন আমাদের কাছে এসে দুঃখ প্রকাশ করে। যাদের রক্তদান, আত্মত্যাগে আজ দল ক্ষমতায় তারা আজ অনেকটাই অবহেলিত। বিএনপি আওয়ামী লীগের দ্বারা এখন হাইজ্যাক হয়ে গেছে। বিএনপি তার স্বপ্ন থেকে অনেক দূরে চলে গেছে। বিএনপির অনেক নেতাকর্মী এখন এনসিপিতে যোগ দিতে চাচ্ছে।
পূর্বতারা/ইউডি