চট্টগ্রামের পটিয়ায় মো. আবুল কাশেম (৪৮) নামে নিষিদ্ধ যুবলীগের এক নেতাসহ ১৩ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার যুবলীগ নেতা কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে।
এ ছাড়া পৃথক অভিযানে চুরির মামলায় আরও ১২ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বুধবার (৬ মে) পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, যুবলীগ নেতা মো. আবুল কাশেমসহ গ্রেফতারকৃত ১৩ আসামিকে আদালতে সৌপর্দ করা হয়েছে।
পটিয়া থানা সূত্রে জানা যায়, অভিযানে মোবাইল চুরির মামলার আসামি মো. ওয়াসিমকে (৩০) উপজেলার খরনা ইউনিয়নের লালারখীল এলাকা হতে গ্রেফতার করা হয়। এছাড়া প্রীতিলতা ট্রাস্টে চুরির মামলার ঘটনায় জড়িত আসামি আব্দুল করিমকে (২৭) পৌর এলাকার শেয়ান পাড়া থেকে এবং গরু চুরির মামলার ঘটনায় জড়িত আসামি মো. বিজয়কে (১৯) পৌর এলাকার কলেজ মাঠ হতে গ্রেফতার করা হয়।
এছাড়াও পৃথক অভিযানে বিভিন্ন স্থানে ধর্তব্য অপরাধ সংঘটনের চেষ্টা ও পরিকল্পনা করাকালীন সময়ে আসামি আমীর আলী (৫০), মো. রুবেল (৩৬), মো. সেলিম (৪৬), মো. ইসমাইল (৩৮), মো. হারুন (৪৯), জসিম উদ্দিন (৪৮) দেরকে উপজেলার খরনা ফকিরপাড়া এলাকা হতে এবং আসামি মো. ফোরকান (২৮), মো. এহছান (৩০) দ্বয়কে চেয়ারম্যানঘাটা এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হতে, আসামি তামিম শাহরিয়ারকে (২২) বিওসি রোডস্থ হাইদগাঁও ফইজ্জার পুল নামক এলাকা হতে ফৌ. কা. বি. ১৫১ মোতাবেক গ্রেফতার করে।