চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দীর্ঘদিন সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে থাকা জঙ্গল সলিমপুর এলাকায় এবার বিভিন্ন সরকারি স্থাপনা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে। প্রস্তাবনায় রয়েছে রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) পুলিশ লাইন্স, পুলিশ একাডেমি, তদন্ত কেন্দ্র ও ফাঁড়ি স্থাপনের উদ্যোগ। আগামী ১০ মে শুরু হতে যাওয়া পুলিশ সপ্তাহে এসব প্রস্তাব নীতিনির্ধারণী পর্যায়ে উপস্থাপন করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) নাজিমুল হক গণমাধ্যমকে বলেন, জঙ্গল সলিমপুর এখন পুলিশের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আগে সন্ত্রাসীদের তৈরি করা অবৈধ চেকপোস্ট ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বর্তমানে এলাকায় নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক এবং জনগণের মধ্যে আর কোনো শঙ্কা নেই।
তিনি আরও জানান, এখানে পুলিশ তদন্ত কেন্দ্র, ফাঁড়ি এমনকি কারাগার স্থাপনের মতো একাধিক সরকারি অবকাঠামোর প্রস্তাব রয়েছে।
পুলিশ সংশ্লিষ্টদের মতে, এই এলাকায় পুলিশ একাডেমি বা প্রশিক্ষণকেন্দ্র গড়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষায় দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব পড়বে। বর্তমানে দেশের একমাত্র পুলিশ একাডেমি রয়েছে রাজশাহীর সারদায়।
জানা গেছে, চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে প্রায় দুই কিলোমিটার পশ্চিমে, এশিয়ান উইমেন ইউনিভার্সিটির বিপরীতে প্রায় ৩ হাজার ১০০ একর খাসজমি জুড়ে বিস্তৃত এই এলাকা জঙ্গল সলিমপুর নামে পরিচিত। দীর্ঘদিন এখানে পাহাড় কেটে গড়ে ওঠা অবৈধ বসতি ও বিভিন্ন গোষ্ঠীর নিয়ন্ত্রণ ছিল।
এলাকাটিতে প্রায় ২০ থেকে ২৫ হাজার মানুষ বসবাস করেন, যাদের মধ্যে অধিকাংশই নিম্নআয়ের শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ।
গত ৯ মার্চ সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবির প্রায় ৩ হাজার ২০০ সদস্যের যৌথ অভিযানে এলাকাটির নিয়ন্ত্রণ নেয় আইনশৃঙ্খলা বাহিনী। বর্তমানে সেখানে প্রায় ৪০০ পুলিশ সদস্য দুই ভাগে ভাগ হয়ে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছেন।
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, সমন্বিত উদ্যোগে এখন জঙ্গল সলিমপুর পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকাটির উন্নয়নে একটি মাস্টারপ্ল্যান গ্রহণ করা হয়েছে এবং নতুন সড়ক নির্মাণসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, পূর্বে অনুমোদিত হলেও বাস্তবায়ন না হওয়া কিছু সরকারি প্রকল্প এবার বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে, যার মধ্যে জেলা কারাগার, র্যাব, সেনাবাহিনী ও পুলিশের বিভিন্ন স্থাপনা অন্তর্ভুক্ত রয়েছে।