বুধবার, ১৭ জুন ২০২৬

পার্বত্য অঞ্চলে চালু হবে ওয়াটার অ্যাম্বুলেন্স: পার্বত্যমন্ত্রী

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৪

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেছেন, পার্বত্য অঞ্চলে ওয়াটার অ্যাম্বুলেন্স চালুর ঘোষণা দিয়েছেন। রাঙামাটির হ্রদে এ ওয়াটার অ্যাম্বুলেন্স রোগী সেবায় নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে মন্ত্রী রাঙামাটি সদর হাসপাতাল প্রাঙ্গণে জেলা স্বাস্থ্য বিভাগ ও গণপূর্ত বিভাগ আয়োজিত নব নির্মিতি ২৫০ শয্যা বিশিষ্ট রাঙামাটি জেনারেল হাসপাতাল ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই ঘোষণা দেন।

তিনি বলেন, ২৫০ শয্যার এই হাসপাতাল ভবন উদ্বোধনের মাধ্যমে এ অঞ্চলের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচিত হলো। আজকের এই দিনটি পার্বত্য চট্টগ্রামের স্বাস্থ্য খাতে একটি মাইলফলক হিসেবে ইতিহাসে স্থান পাবে।

মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামের দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে এখানে স্বাস্থ্যসেবা এখনো পর্যাপ্তভাবে গড়ে ওঠেনি। বর্তমান সরকার এ খাতে বিশেষ গুরুত্ব দিয়ে উন্নয়নে কাজ করে যাচ্ছে।

মন্ত্রী আরো বলেন, এ অঞ্চলে চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট রয়েছে, যা দ্রুত সমাধানের জন্য তিনি ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। পার্বত্য তিন জেলায় স্বাস্থ্য উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে বলে স্বাস্থ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন।

সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসার সভাপতিত্বে জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, রাঙামাটি সদর জোন কমান্ডার লে. কর্ণেল মো. একরামুল রাহাত, রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যাপক ডাঃ প্রীতি প্রসূন বড়ুয়া, রাঙামাটি সদর হাসপাতাল আরএমও ডাঃ শওকত আকবর,রাঙামাটি গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শর্মী চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন বিশেষ অতিথির বক্তৃতা করেন।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং শিক্ষক শিক্ষার্থীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্বতারা/ইউডি/ মঈন উদ্দীন বাপ্পী

ভিডিও