বুধবার, ১৭ জুন ২০২৬

দেশের অগ্রযাত্রায় বাধাগ্রস্থ করতে চাইলে ছাড় নেই: অর্থমন্ত্রী

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৩৯

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার শান্তিপূর্ণভাবে দেশকে এগিয়ে নিতে চায়। কিন্তু দেশে অস্থিতিশীলতা তৈরি করে কেউ দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতে চাইলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী জ্ঞান মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের বাইরে সংকট হচ্ছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের মতো সারাবিশ্বে একই সংকট। বরং আমরা একমাত্র দেশ খুব দেরিতে জ্বালানির কিছু মূল্য বৃদ্ধি করেছি। পাশ্ববর্তী দেশ ভারত থেকে শুরু করে পাশ্চাত্যের দেশগুলো কয়েক গুণ বৃদ্ধি করেছে। কৃষক, শ্রমিক ও সাধারণ নিম্নবিত্ত মানুষের আয়ের কথা চিন্তা করে অনেক দেরিতে মূল্য বৃদ্ধি করেছি, সেটিও খুবই সামান্য। বিশ্বের বিভিন্ন দেশে বহুগুণ বেশি।

তিনি আরও বলেন, অনেক দেশে কিন্তু কারফিউ পর্যন্ত শুরু হয়ে গেছে। বাংলাদেশ ঐ জায়গায় যায়নি। আমাদের ম্যানেজমেন্ট খুবই ভালো। তবে সমস্যা নেই এ কথাটা বলার কোনো সুযোগও নেই। সমস্যা দেশের বাইরে। এই বাইরের সমস্যাটাকে আমাদেরকে ম্যানেজ করতে হবে। যেটা খুব কঠিন কাজ এবং অনেক সামর্থ্য নিয়ে আমাদের ম্যানেজমেন্ট যেভাবে করছে এই পর্যন্ত তেমন কোনো বড় সমস্যা হচ্ছে না।

এ সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে জোর দিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে যেন কোনো বাইরের লোক প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

দীর্ঘদিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসে ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধতার কথাও জানান তিনি। মন্ত্রী বলেন, চিটাগং ইউনিভার্সিটিতে আমি অনেকদিন পরে আসছি। আমি ঢুকতে ঢুকতে আমার তো মনে হচ্ছে আই অ্যাম ইন নেচার । আমি প্রকৃতির ভেতরে ঢুকতেছি, মনে হচ্ছে আমি এখানে একটা হলিডে রিসোর্টে ঢুকে গেছি, কোনো একটা উডের মধ্যে, বনের মধ্যে। অপূর্ব!

এ সময় উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য অঞ্চল বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দিন, মন্দির নির্মাণের দাতা সংস্থা অদুল-অনিতা ট্রাস্টের চেয়ারম্যান শ্রী অদুল কান্তি চৌধুরী ও কো-চেয়ারম্যান শ্রীমতি অনিতা চৌধুরী।

ভিডিও