বুধবার, ১৭ জুন ২০২৬

সিএনজিচালকের হামলায় রক্তাক্ত চবি শিক্ষার্থী, প্রতিবাদে অবরোধ

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৫:২৯

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে সিএনজিচালকের হামলায় এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে ১ নম্বর গেটের দিকে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর নাম মেহেদি হাসান। তিনি বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. কামরুল হোসেন জানান, ক্যাম্পাসের জিরো পয়েন্ট থেকে ১ নম্বর গেটে যাওয়ার সময় নির্ধারিত ৭ টাকার পরিবর্তে সিএনজি চালক ১০ টাকা ভাড়া দাবি করেন। অতিরিক্ত ভাড়া চাওয়ায় শিক্ষার্থী প্রতিবাদ করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে চালক শিক্ষার্থীকে মারধর করলে তিনি গুরুতর আহত হন।

তিনি আরও জানান, হামলায় শিক্ষার্থীর চোখে আঘাত লাগে এবং তার চশমা ভেঙে যায়। শরীরের বিভিন্ন স্থানেও আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে প্রক্টর অফিসের সহকারী প্রক্টররা ঘটনাস্থলে গিয়ে আহত শিক্ষার্থীকে উদ্ধার করে দ্রুত বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে পাঠান। সেখানে তার চিকিৎসা চলছে।

এদিকে ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা জিরো পয়েন্ট এলাকায় সড়ক অবরোধ করেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় উপাচার্য শিক্ষার্থীদের দাবি বিবেচনার আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করেন।

উপাচার্য ড. মোহাম্মদ আল ফোরকানের বরাতে চাকসুর আবাসন ও যোগাযোগ সম্পাদক ইসহাক ভূঁইয়া জানান, ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে শনাক্ত করে গ্রেফতার করা হবে।

তিনি আরও বলেন, ঘটনার সমাধান না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট রুটে যান চলাচল বন্ধ রাখা হবে এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব চক্রাকার বাস চলাচল অব্যাহত থাকবে। পাশাপাশি এক নম্বর গেটে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এক সপ্তাহের মধ্যে পুলিশ বক্স স্থাপনের আলটিমেটাম দেন তিনি।

ভিডিও