চট্টগ্রামের ফটিকছড়িতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্মার্ট কার্ডে ভুলের ঘটনায় বিপাকে পড়েছেন এক ভুক্তিভোগী। পুরনো এনআইডিতে নিজের ছবি থাকলেও নতুন স্মার্ট কার্ডে অজ্ঞাত এক নারীর ছবি সংযুক্ত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন ভুক্তভোগী আব্দুল মন্নান।
জানা যায়, উপজেলার নাজিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বৈদ্যোরহাট এলাকার বাসিন্দা আব্দুল মন্নান ২০১০ সালের ১৪ সেপ্টেম্বর তার জাতীয় পরিচয়পত্র পান। ওই কার্ডে তার নাম, ঠিকানা ও ছবির সঙ্গে সঠিক মিল ছিল। তবে সম্প্রতি ২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর ইস্যুকৃত স্মার্ট কার্ড হাতে পেয়ে তিনি বিস্মিত হন। সেখানে তার নিজের ছবির স্থানে অন্য এক নারীর ছবি যুক্ত করা হয়েছে।
ভুক্তভোগী আব্দুল মন্নান বলেন, ‘এটি আমার জন্য অত্যন্ত বিব্রতকর। যেকোনো কাজে আইডি দেখাতে গেলে সমস্যায় পড়তে হচ্ছে। দ্রুত সংশোধনের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি।’
এ বিষয়ে স্থানীয় সাবেক কাউন্সিলর আমান উল্লাহ বলেন, ‘আইডি কার্ডে ভুলের শেষ নেই। মন্নানের ক্ষেত্রে ছবির জায়গায় অন্য একজনের ছবি দেওয়া হয়েছে, যা খুবই দুঃখজনক। এছাড়াও অনেক ক্ষেত্রে জীবিত ব্যক্তিকে স্মার্ট কার্ডে মৃত হিসেবে দেখানো হয়েছে।’
তিনি আরও বলেন, এসব ভুলের কারণে সাধারণ মানুষ সরকারি সেবা নিতে গিয়ে নানা জটিলতায় পড়ছেন।
ফটিকছড়ি উপজেলা নির্বাচন অফিসার রকর চাকমা জানান, সফটওয়্যারজনিত ত্রুটির কারণে এ ধরনের ভুল হয়েছে। বিষয়টি সংশোধনের জন্য আবেদন গ্রহণ করা হয়েছে। প্রয়োজনীয় ছবি সংগ্রহ করে সার্ভারে আপলোডের পর জেলা নির্বাচন অফিসে পাঠানো হবে। তিনি আশা প্রকাশ করেন, আগামী এক মাসের মধ্যে সমস্যার সমাধান হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন, ‘এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। সফটওয়্যারের সমস্যার কারণে এ ধরনের ভুল হচ্ছে। নির্বাচন অফিসে আবেদন করলে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
স্থানীয়রা বলছেন, জাতীয় পরিচয়পত্রের মতো গুরুত্বপূর্ণ ডাটাবেজে এ ধরনের ভুল নাগরিকদের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। তারা দ্রুত ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।