বুধবার, ১৭ জুন ২০২৬

পাহাড়িরা স্ব স্ব নাম ও রীতিতে বৈসাবি পালন করবে

পূর্বতারা ডেস্ক

প্রকাশ : ৯ এপ্রিল ২০২৬, ০২:৫৫

বর্ষবিদায় ও বর্ষবরণকে ঘিরে পার্বত্য চট্টগ্রামের আদিবাসী ১১টি জনগোষ্ঠী সামাজিক উৎসব ‘বৈসাবি’ নামে পালন করে থাকে। তবে এবার থেকে শুধু ‘বৈসাবি’ নামে নয়, সম্প্রদায়গুলো নিজস্ব নামে ও স্বকীয় রীতিতে এ উৎসব উদ্‌যাপন করবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।

দীপেন দেওয়ান বলেন, পার্বত্য অঞ্চলের প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি দেশের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। ১১টি সম্প্রদায়ের এ উৎসবের মূল বার্তা শান্তি ও সম্প্রীতি। সরকার চায়, সব সম্প্রদায়ের মানুষ নিজ নিজ সামাজিক আচার-অনুষ্ঠান নির্বিঘ্নে পালন করুক। বর্তমান সরকার পার্বত্য অঞ্চলের মানুষের স্বকীয়তা রক্ষা ও উন্নয়নে কাজ করছে। সামাজিক উৎসবের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্যের সুযোগ রাখা হবে না।

মন্ত্রী বলেন, ১২ এপ্রিল ফুল বিজু/বৈসুর মধ্য দিয়ে প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জানানো হবে, ১৩ এপ্রিল ঘরে ঘরে ‘পাঁজন’ রান্নার মাধ্যমে মূল উৎসব উদ্‌যাপিত হবে। ১৪ এপ্রিল জলকেলি ও আশীর্বাদ গ্রহণের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করা হবে।

সংবাদ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, প্রধানমন্ত্রী চান সব উৎসবে সাত রঙের মিশ্রণ থাকুক। রংধনুর মতোই বিভিন্ন সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তা উৎসবে ফুটে উঠবে। এই ঐতিহ্যই তাদের শক্তি।

মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার সংসদ সদস্য সাচিং প্রু ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পূর্বতারা/ইউডি

ভিডিও