খাগড়াছড়িতে নিউটন চাকমা প্রকাশ নির্মল (৪৭) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নিউটন আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের সদস্য।
বুধবার (৮ এপ্রিল) সকালে জেলা সদরের আকবাড়ি নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিউটন রাঙামাটির মগবান ইউনিয়নের মৃত সোনাধন চাকমার ছেলে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে নিউটনসহ সংগঠনের দুই সদস্য আকবাড়ি এলাকায় অবস্থান করছিলেন। এসময় একদল অস্ত্রধারী এসে অতর্কিতভাবে গুলি ছুড়ে পালিয়ে যান। দুইজনের অপরজন পালিয়ে যেতে পারলেও গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিউটন মারা যান।
এ ঘটনায় ইউপিডিএফ গণতান্ত্রিক’কে দায়ী করেছে সংগঠনটি।
পূর্বতারা / ইউডি