চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুর এলাকায় ইটভাটার মাটি কাটার পানিভর্তি গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার ভূজপুর পূর্ব ফটিকছড়ির দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো— ওই এলাকার হাবিবুর রহমানের মেয়ে সাকি আক্তার (৯) এবং একই বাড়ির জাকির হোসেনের কন্যা সানজিদা আক্তার (১০)।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিক ফিল্ডে মাটি কাটার ফলে প্রায় ২০ ফুট গভীর একটি গর্ত সৃষ্টি হয়, যেখানে দীর্ঘদিন ধরে পানি জমে ছিল। রোববার সকালে খেলতে গিয়ে অসাবধানতাবশত ওই গর্তে পড়ে যায় দুই শিশু। ধারণা করা হচ্ছে, একজন পানিতে পড়ে গেলে অন্যজন তাকে বাঁচাতে গিয়ে একই গর্তে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত বাইরে নিয়ে আসে। তবে ততক্ষণে দুই শিশুরই মৃত্যু হয়।
হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী জানান, ইটভাটার মাটি কাটার ফলে সৃষ্ট পানিভর্তি গর্তে পড়ে এ দুর্ঘটনা ঘটেছে। একজন শিশুকে বাঁচাতে গিয়ে অন্যজনও পানিতে পড়ে যায়, যা অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিবারের পক্ষে লাশ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য অনুমতি চেয়েছেন। এছাড়া তারা কোনো ইটভাটা মালিকের বিরুদ্ধে এখনো অভিযোগ করেননি; অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।