চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় নির্বিচারে চলছে ফসলি জমির মাটি কাটা। ধারাবাহিকভাবে মাটি কাটার ফলে এককালের ফসলি জমি এখন খাদে পরিণত হয়েছে। উপজেলার ধলই ইউনিয়নের কাটিরহাট ধলইপুলের পূর্বপাশসহ বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে মাটি কাটার এই অপকর্ম। অভিযোগ উঠেছে, প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরে এ অবৈধ কার্যক্রম চালালেও তা বন্ধে কার্যকর উদ্যোগ নিচ্ছে না কর্তৃপক্ষ।
ভূমি মালিকদের কাছ থেকে জোর করে চক্রটি জমি দখল করে মাটি কেটে নিয়ে যাচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ।
এ ব্যাপারে হাটহাজারী উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান বলেন, মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। এর আগে একবার জরিমানা করা হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
হাটহাজারী উপজেলা কৃষি কর্মকর্তা মেজবাহ উদ্দীন বলেন, ফসলি জমিতে এ ধরনের মাটি কাটা গুরুতর অপরাধ। এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সরেজমিনে দেখা যায়, কৃষিজমি থেকে নির্বিচারে মাটি কাটার ফলে এলাকার কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পাশাপাশি ধলই খালের পাড় ভেঙে আশপাশের জমি ও বসতবাড়ি প্লাবিত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী কয়েকজন জমির মালিকের অভিযোগ, জোরপূর্বক জমি দখল করে রাতের আঁধারে মাটি কাটা হচ্ছে। কেউ প্রতিবাদ করলে তাদের হুমকি দেওয়া হচ্ছে। জমির উপর দিয়ে ৩৩ কেভি’র বিদ্যুৎ সঞ্চালন লাইন চলে গেছে। জমিতে স্থাপিত বৈদ্যুতিক লাইনের খুঁটির চারপাশ থেকে মাটি কেটে নেয়ার ফলে যেকোন মুহুর্তে ঘটতে পারে দুর্ঘটনা।
অভিযোগ রয়েছে, এ বিষয়ে সংবাদ সংগ্রহে গেলে সংবাদকর্মীদেরকেও হুমকি দেয়া হয়। গত ১ এপ্রিল সন্ধ্যায় ভুক্তভোগীরা হাটহাজারী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
পূর্বতারা/ইউডি /একরামুল