বুধবার, ১৭ জুন ২০২৬

লোহাগাড়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০৯:৪৯

চট্টগ্রামের লোহাগাড়ায় এক বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে দেলোয়ার হোসেন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার (৩০ মার্চ) রাতে উপজেলার চরম্বা ইউনিয়নের মাইজবিলা আশ্রয়ন কেন্দ্র এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক দেলোয়ার হোসেন উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সুখছড়ি নয়ারপাড়া এলাকার মো. ইছহাকের ছেলে।

ভুক্তভোগীর ভাই জানান, তার বোন একজন মানসিক ভারসাম্যহীন এবং প্রায়ই বাড়ির বাইরে ঘোরাফেরা করেন। ঘটনার দিন অভিযুক্ত দেলোয়ার হোসেন তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে সঙ্গে নিয়ে যায়। পরে বিভিন্ন প্রলোভন দেখিয়ে চরম্বা ইউনিয়নের মাইজবিলা আশ্রয়ন কেন্দ্রের পূর্ব পাশে নিজ কুল বাগানে নিয়ে যায়।

সেখানে বাগানের একটি টং ঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন তিনি। পরে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। আটক আসামিকে আদালতে পাঠানো হয়েছে।’

ভিডিও