ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান বাণিজ্যকে আরও গতিশীল, বৈচিত্র্যময় এবং ব্যবসাবান্ধব করতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দিন।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। তিনি জানান, নতুন সরকারের অধীনে বাণিজ্য কার্যক্রমকে সহজতর ও সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
ড. জিয়াউদ্দিন বলেন, আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল করতে অবকাঠামো উন্নয়ন ও সড়ক যোগাযোগ ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। কিছুদিন কার্যক্রমে ধীরগতি থাকলেও বর্তমানে উন্নয়নকাজ জোরেশোরে শুরু হয়েছে।
তিনি আরও বলেন, বন্দরে দ্রুত পণ্য খালাস, আমদানি জটিলতা নিরসন এবং ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় বাড়িয়ে রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে এই বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।