পবিত্র রমজান ও ঈদুল ফিতরের ছুটিতে ফাঁকা থাকার সুযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল হলে এক মাসে তিন দফা চুরির ঘটনা ঘটেছে। সর্বশেষ গত ২২ মার্চ গভীর রাতে হলের পেছন দিক থেকে বৈদ্যুতিক তার কেটে নিয়ে যায় চোরচক্র।
শিক্ষার্থীরা জানান, ঈদের পরদিন রাতে বৃষ্টি ও ঝড়ো হাওয়ার মধ্যে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। প্রথমে এটি স্বাভাবিক বিদ্যুৎ বিভ্রাট মনে হলেও পরদিন সকালে নিরাপত্তাকর্মীরা দেখতে পান- হলের পেছনের বৈদ্যুতিক তার কেটে নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মেহেদি হাসান বলেন, ‘চুরির ঘটনায় প্রায় ১৪ ঘণ্টা বিদ্যুৎ ছিল না। তিনটি তারের মধ্যে দুটি কেটে নিয়ে গেছে, একটি কেটে রেখে গেছে। পালানোর সময় চোরের জুতাও পড়ে থাকতে দেখা গেছে।’
তিনি আরও জানান, গত এক মাসে আলাওল হলে এটি তৃতীয় চুরির ঘটনা, যা শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও শঙ্কা তৈরি করেছে।
আলাওল হল সংসদের সহ-সভাপতি (ভিপি) মোহাম্মদ রাকিবুল বশর বলেন, ‘হলের চারপাশে কোনো নিরাপত্তা প্রাচীর নেই। পেছনের অংশ পাহাড় ও ঝোপঝাড়ে ঘেরা হওয়ায় সহজেই বহিরাগতরা প্রবেশ করতে পারে। প্রশাসনকে জানালে তারা দ্রুত সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস দিয়েছে।’
এ বিষয়ে হল প্রভোস্ট প্রফেসর ড. মুহাম্মদ এনামুল হকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে আবাসিক শিক্ষক ড. মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, ‘চুরির ঘটনা আমরা জেনেছি। সেদিনই বিদ্যুৎ লাইন মেরামত করা হয়েছে। এর আগে আরও দুইবার এমন ঘটনা ঘটেছে। খুব শিগগিরই সিসিটিভি ক্যামেরা ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হবে।’
তিনি আরও জানান, আলাওল হল ও এএফ রহমান হলের ভৌগোলিক অবস্থানের কারণে নিরাপত্তা প্রাচীর নির্মাণ কিছুটা কঠিন হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে তা সম্ভব হতে পারে।