ঈদের দিন চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী একটি বাস উল্টে মোহাম্মদ কাশেম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
শনিবার (২০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের পটিয়া বাইপাসের পাইকপাড়া পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাস পটিয়া বাইপাস এলাকায় এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের ওপর উঠে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই কাশেম নামের এক ব্যক্তি নিহত হন।
দুর্ঘটনার পর পটিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতর থেকে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে গুরুতর চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন আবুল কাসেম (৬০), আবু হানিফ (৩৮), সিরাজুল হক (১৪), মহিসোনা (৭ মাস), প্রান্ত শীল (১৭), দহান (১৭), আদিত্য বিশ্বাস (১৩), মিনাক্ষী (৩৮), জান্নাতুল ফেরদৌস (৩৫), তাসপিয়া (৭), আবদুর রহিম (৯), মো. ইব্রাহিম (৫৫), প্রবীর শীল (৪২), শারমিন সুলতানা (২৫), সুলতানা রাজিয়া (৫১), আক্তার বেগম (৫৫), ওয়াজিদা (৯), সোবাইকা জান্নাত (৯), ইউনুচ (৩৮) প্রমুখ।
স্থানীয় বাসিন্দা রুবেল দাশ জানান, পথচারীকে বাঁচাতে গিয়ে বাসটি ডিভাইডারে উঠে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।