ঈদুল ফিতরকে সামনে রেখে চট্টগ্রাম থেকে বাড়ির পথে যাত্রা শুরু করেছেন হাজারো মানুষ। টানা ছুটির সুযোগে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে নগর ছাড়ছেন কর্মজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ফলে শহরের বাস টার্মিনাল ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক যাত্রীচাপ।
বুধবার (১৮ মার্চ) ভোর থেকেই স্টেশনে যাত্রীদের উপস্থিতি বাড়তে থাকে। ট্রেন নির্ধারিত সময় অনুযায়ী ছেড়ে যাওয়ায় ভিড় থাকলেও যাত্রীদের মধ্যে তেমন ভোগান্তি দেখা যায়নি। অনেকেই সময়মতো ট্রেনে উঠতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন।
অন্যদিকে, নগরের বহদ্দারহাট বাস টার্মিনাল, জিইসি মোড় ও নতুন ব্রিজ এলাকা-সহ বিভিন্ন বাস কাউন্টারে সকাল থেকেই যাত্রীদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। চাহিদা বেড়ে যাওয়ায় অনেক যাত্রী কাঙ্ক্ষিত টিকিট পাচ্ছেন না। কেউ কেউ বিকল্প উপায়ে কিংবা ফিরতি গাড়িতে করে গন্তব্যে রওনা হচ্ছেন।
পরিবহন সংশ্লিষ্টরা জানান, যাত্রীচাপের তুলনায় বাসের সংখ্যা কিছুটা কম থাকায় সাময়িক সংকট তৈরি হয়েছে। তবে দূরপাল্লার বাসগুলো ফিরে এলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
নিরাপত্তা নিশ্চিতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ট্রাফিক ব্যবস্থাপনা ও ভাড়া নিয়ন্ত্রণেও নজরদারি বাড়ানো হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) শেখ মো. সেলিম বলেন, এখানে নিরাপত্তার কোনও শঙ্কা নেই। পুলিশের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে যাত্রীদের নিরাপদ যাত্রার জন্য। প্রয়োজনীয় যা যা ব্যবস্থা করা দরকার তা নেওয়া হয়েছে। যানজট নিরসনেও পুলিশ কাজ করছে। যাত্রীদের ভাড়ার বিষয়েও আমরা তদারকি করছি।