বুধবার, ১৭ জুন ২০২৬

খাগড়াছড়িতে জরুরি রক্তের সংকট, বাড়ছে মৃত্যুঝুঁকি

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৭ মার্চ ২০২৬, ০৩:৩১

খাগড়াছড়ির সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে কোনো ব্লাড ব্যাংক না থাকায় জরুরি রক্তের সংকটে চরম ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাদের স্বজনরা। বিশেষ করে প্রসূতি রোগী, থ্যালাসেমিয়া রোগী ও দুর্ঘটনায় আহতদের সময়মতো রক্ত না পাওয়ায় বাড়ছে মৃত্যুঝুঁকি। দ্রুত ব্লাড ব্যাংক স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

জানা গেছে, খাগড়াছড়ি জেলায় প্রায় সাত লাখ মানুষের বসবাস। স্থানীয়দের পাশাপাশি রাঙামাটির লংগদু ও বাঘাইছড়ি উপজেলার অনেক মানুষ চিকিৎসাসেবা নিতে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে আসেন। তবে পুরো জেলায় আধুনিক জেলা সদর হাসপাতালসহ ৪০টির বেশি সরকারি-বেসরকারি চিকিৎসাকেন্দ্র থাকলেও কোথাও রক্ত সংরক্ষণের ব্যবস্থা নেই।

রক্ত সংরক্ষণের জন্য প্রয়োজনীয় রেফ্রিজারেটর না থাকায় রোগীদের জরুরি প্রয়োজনে রক্ত সংগ্রহ করতে গিয়ে স্বজনদের নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক ক্ষেত্রে বাইরে থেকে রক্তদাতা খুঁজে এনে রক্ত সংগ্রহ করতে হচ্ছে।

যুব রেড ক্রিসেন্ট খাগড়াছড়ি ব্রাঞ্চের স্বাস্থ্য ও সেবা বিভাগের প্রধান মো. জাহিদুল আলম বলেন, দুর্ঘটনায় আহত রোগীদের জন্য বিশেষ করে রাতের বেলায় জরুরি রক্তের প্রয়োজন হলেও তাৎক্ষণিকভাবে রক্ত পাওয়া যায় না। বিকল্প ব্যবস্থা হিসেবে সংগঠনের প্রায় দুই শতাধিক কর্মী রক্ত দিতে প্রস্তুত থাকেন।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. বাপ্পি চাকমা জানান, রক্ত সংরক্ষণের ব্যবস্থা না থাকায় গভীর রাতে আসা রোগীদের অনেক সময় প্রয়োজনীয় সেবা দেওয়া সম্ভব হয় না।

খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের বলেন, জেলায় ব্লাড ব্যাংক না থাকায় প্রত্যন্ত এলাকার মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ২৫০ শয্যার হাসপাতালটির নির্মাণকাজ শেষ হলে সেখানে ব্লাড ব্যাংক স্থাপনের সুযোগ তৈরি হবে।

ভিডিও