চট্টগ্রাম সীতাকুণ্ড দুর্গম পাহাড়ি এলাকা থেকে গলায় ছুরিকাঘাতে আহত আট বছরের কন্যাশিশুটির শ্বাসনালি কেটে গেছে। ফলে সে কথা বলতে পারছে না। গতকাল রোববার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির গলায় অস্ত্রোপচার করা হয়। সোমবার (২ মার্চ) শিশুটিকে ওয়ান–স্টপ ক্রাইসিস সেলে (ওসিসি) নেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, রোববার শিশুটির অপারেশন (অস্ত্রোপচার) হয়েছে। আজ ড্রেসিং শেষে শিশুটিকে ওসিসিতে নেওয়া হয়েছে।
এ ঘটনায় রোববার রাতে শিশুটির মা সীতাকুণ্ড থানায় মামলা করেছেন। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম বলেন, মা বাদী হয়ে অজ্ঞাতপরিচয়ের আসামির বিরুদ্ধে অপহরণ করে হত্যাচেষ্টার মামলা করছেন।
এর আগে, গতকাল সকালে চট্টগ্রাম সীতাকুণ্ড পৌর সদরের বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের ভেতরে দুর্গম পাহাড়ি এলাকা থেকে ওই কন্যাশিশুকে উদ্ধার করা হয়। ইকোপার্কের ভেতরের চন্দ্রনাথ মন্দির সড়ক সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকেরা শিশুটিকে উদ্ধার করেন। প্রথমে শিশুটিকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।