চট্টগ্রামের লোহাগাড়ায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম কনক বড়ুয়া (৩৫)। তিনি দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশার চালক বলে জানা গেছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধুনগর ইসলামিয়া মাদ্রাসার সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নারী ও শিশুসহ অন্তত আটজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থাই আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনায় আহতরা হলেন—আধুনগর ইউনিয়নের হাজী রাস্তার বাসিন্দা কামরুল হুদা (৫০) এবং তার পরিবারের সদস্য কনিজ ফাতিমা, হোসনে আরা বেগম (৪০) এবং তিন শিশু রুমাইছা (১), রুজা (৫) ও আমিরা (২)। কুমিল্লার মুরাদনগর থেকে আসা পিকআপের হেলপার মোহাম্মদ হাসান (৩০)।
এ ব্যাপারে সিএনজি অটোরিকশার মালিক ধনয় বড়ুয়া জানান, আহত চালক কনক বড়ুয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে চন্দনাইশ এলাকায় পৌঁছলে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে। প্রচণ্ড গতির কারণে অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায় এবং এর ভেতরে থাকা যাত্রীরা গুরুতরভাবে আহত হন।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধারের পাশাপাশি এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে ওসি সালাহ উদ্দিন চৌধুরী নিশ্চিত করেছেন।