বুধবার, ১৭ জুন ২০২৬

আকাশ হত্যার সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৬

নগরের সাগরিকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আকাশ দাশ নামের এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে বিটাক বাজার মোড়ের একটি কারখানার সামনে এ ঘটনা ঘটে। তবে পুলিশ জানিয়েছে, আকাশ হত্যার একটি সিসিটিভি ফুটেজ তাদের হাতে এসেছে। সেই ফুটেজের সূত্র ধরে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রচেষ্টা চলছে।

এ ব্যাপারে পাহাড়তলি থানার ওসি মুহাম্মদ নুরুল আবছার বলেন, আকাশ হত্যার একটি সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে এসেছে। হত্যায় জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ। আকাশ হত্যায় পরিবারের পক্ষ থেকে একটি মামলার আবেদন করা হয়েছে।

আকাশ দাশের সহকর্মীরা জানান, কয়েকমাস আগে কারখানার শ্রমিকদের কাছে চাঁদা দাবি করেছিল একটি চক্র। এ ঘটনায় আকাশ দাশ, তার সহকর্মী মাইকেলের সঙ্গে চক্রের সদস্যের সঙ্গে তর্কাতর্কি হয়। সেই আক্রোশের জেরে বৃহস্পতিবার চক্রটি এ ঘটনা ঘটিয়েছে।

নিহতের ভাই সাগর দাশ জানান, সাগরের এক সহকর্মী মাইকেলের সঙ্গে কারখানার আরেক শ্রমিকের তর্কাতর্কি হয় কিছুদিন আগে। সেই রেশ তুলতে বৃহস্পতিবার রাত ৮ টার দিকে কারখানায় চাকরিতে যাওয়ার সময় মাইকেলের পথরোধ করে কয়েকজন যুবক। কারখানার সামনে পৌঁছালে সহকর্মী মাইকেলের সঙ্গে স্থানীয় ফকিরবাড়ির রাতুল, ইমন, মহসিন, নাজমুলকে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে মাইকেলকে তারা মারধর করলে এগিয়ে যান আকাশ। এ সময় ওই যুবকরা আরও কয়েকজনকে ডেকে এনে আকাশের মাথায় হেলমেট দিয়ে আঘাত করে। একপর্যায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।  

পরে পরিবারের সদস্য ও সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় আল আমিন হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  তিনি স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন।

ভিডিও