এক ভাই এসেছিলেন পর্তুগাল থেকে। অপর ভাই আসেন ডাক্তার দেখাতে। স্ত্রী-সন্তান নিয়ে উঠেন চট্টগ্রাম নগরীর হালিশহরস্থ নিজেদের ভাই সাখাওয়াতের বাসায়। হয়তো কয়েকদিন একসাথে থাকতে চেয়েছিলেন সবাই। পরিকল্পনায় ছিলো ঈদের কেনাকাটারও। রমজানের শেষে হয়তো একসাথে গ্রামে ফিরতেন ঈদ করতে। ছিলো আরও কতো স্বপ্ন কিংবা পরিকল্পনা। তবে সবকিছু নিমিষেই শেষ হয়ে গেলো একটি বিষ্ফোরণে। একে একে পৃথিবীর মায়া ত্যাগ করছেন পাঁচজন। বাকিরাও লড়ছেন মৃত্যুর সঙ্গে।
গত সোমবার নগরীর হালিশহরের এইচ ব্লকের ‘হালিমা মঞ্জিল’ ভবনে ভয়াবহ বিস্ফোরণে মুহূর্তেই ছিন্নভিন্ন হয়ে গেছে তিন ভাইয়ের সাজানো সংসার। নিহত হয়েছেন বড় ভাই সাখাওয়াত হোসাইন, তার স্ত্রী নুরজাহান আক্তার রানী, তাদের ১৬ বছর বয়সী ছেলে শাওন, পর্তুগালপ্রবাসী সামির আহামেদ ও তার স্ত্রী আশুরা আক্তার পাখি। গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাখাওয়াতের মেয়ে উম্মে আইমান স্নিগ্ধা (১০), সামিরের দুই সন্তান আয়েশা (৪) ও ফারহান আহমেদ আনাছ (৬), আরেক ভাই শিপন হোসাইন (৩১)।
এমন মর্মান্তিক ঘটনায় নিহতদের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। সন্তান-স্বজন হারিয়ে ভেঙে পড়ছেন নিহেতদের পরিবারের সদস্যরা। সারিবদ্ধ কবরের দিকে তাকিয়ে থামছে না আহাজারি। পরিবার, প্রতিবেশী ও বন্ধু-বান্ধবের চোখে অশ্রু আর স্বজনের শূন্যতায় যেন ভারী হয়ে উঠেছে কুমিল্লার বরুড়া উপজেলার বাগমাড়ার গ্রামের বাড়ি।
নিহতের স্বজনরা বলছেন, রাতারাতি আমাদের সংসার শেষ হয়ে গেছে। এমন হঠাৎ দুর্ঘটনা আমরা কল্পনাও করিনি। হঠাৎ সব ছিন্নভিন্ন হয়ে গেল। রান্নাঘরে জমে থাকা গ্যাসের জন্য আমাদের সব শেষ…।
এদিকে হাসপাতালে চিকিৎসাধীন বাকিদের অবস্থাও বেশ আশঙ্কাজনক। ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, চিকিৎসাধীন শিপনের শরীরের ৮০ শতাংশ, আইমানের ৩৮, আনাছের ৩০ ও আয়েশার ৪৫ শতাংশ পুড়েছে।
ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে, রান্নাঘরে গ্যাস জমে ছিল, চুলার আগুন ধরাতে গিয়ে এ বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন জানান, বিস্ফোরণের কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
এদিকে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) মহাব্যবস্থাপক কবির উদ্দিন আহমেদ জানান, তাদের পক্ষ থেকেও তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।