শুক্রবার, ১৯ জুন ২০২৬

পটিয়ায় হেলে পড়া ভবন নিয়ে আতঙ্কে স্থানীয়রা

পটিয়া প্রতিনিধি

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৫

চট্টগ্রামের পটিয়া থানাধীন মুন্সেফ বাজার এলাকায় নির্মাণাধীন একটি বহুতল ভবন হেলে পড়েছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত সময়ের মধ্যে ভবনটি নিয়ে করণীয় নির্ধারণে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

পটিয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী অতীশ চাকমা জানান, ভবনটির কাঠামোগত ভিত্তি অত্যন্ত দুর্বল। এটি বর্তমানে যে অবস্থায় আছে, তাতে যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কা রয়েছে। আমরা জননিরাপত্তার স্বার্থে ভবনটি সিলগালা করার সুপারিশ করেছি।

জানা গেছে, বুধবার দুপুরে খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি বিশেষজ্ঞ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক পরিদর্শন শেষে তারা ভবনটিকে ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করে সিলগালা করে দিয়েছে। সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলতে সতর্ক করেছেন তারা।

এ ব্যাপারে পার্শ্ববর্তী ভবনের মালিক সাইফুল ইসলাম রুবেল বলেন, হেলে পড়া ভবনের চাপে আমার নিজের ভবনটিও ঝুঁকির মুখে পড়েছে। আতঙ্কে ভাড়াটিয়ারা ইতিমধ্যেই মালামাল নিয়ে বাসা ছেড়ে চলে গেছেন। এতে তিনি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

ভবনটির ব্যাপারে দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

ভিডিও