বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদে আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করা হয়েছে। তাঁর স্থলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদে মো. মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
গণ–অভ্যুত্থানের মাধ্যমে ২০২৪ সালের ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর তৎকালীন গভর্নর আবদুর রউফ তালুকদারকে আর প্রকাশ্যে দেখা যায়নি। নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ২০২৪ সালের ১৪ আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে আহসান এইচ মনসুরকে নিয়োগ দেওয়া হয়। এখন বিএনপি নেতৃত্বাধীন সরকারের ক্ষমতায় আসার নয় দিনের মাথায় আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করা হলো। তাঁর স্থলে নতুন গভর্নর নিয়োগ দেওয়া হলো।
মো. মোস্তাকুর রহমান একজন যোগ্যতাসম্পন্ন কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ)। ৩৩ বছরের বেশি সময় ধরে তিনি এ সেক্টরে কাজ করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাবরক্ষণ বিভাগ থেকে বি.কম (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
মোস্তাকুর রহমান বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ), রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশনস অব বাংলাদেশ (রিহ্যাব), অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অফ বাংলাদেশ (এটিএবি) এবং ঢাকা চেম্বার অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজসহ (ডিসিসিআই) বিভিন্ন পেশাদার ও শিল্প সংগঠনের কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
তিনি বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডসহ নিয়ন্ত্রক সংস্থার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন।