বুধবার, ১৭ জুন ২০২৬

এক গ্রামেই তিন এমপি, রাউজানে নতুন অধ্যায়

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক বিরল নজির স্থাপন করেছে চট্টগ্রামের রাউজান। একই গ্রাম থেকে তিনজন প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হয়ে এবার জাতীয় সংসদে যাচ্ছেন। তাঁরা তিনজনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে চট্টগ্রামের তিনটি গুরুত্বপূর্ণ আসনে জয় পান এই তিন প্রার্থী। ঘোষিত ফলাফলে দেখা যায়, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ১ লাখ ১১ হাজার ২০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি এর আগেও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিজয়ী হয়েছেন তাঁর ভাতিজা হুম্মাম কাদের চৌধুরী। তিনি পেয়েছেন ১ লাখ ২৪২ ভোট। চাচা-ভাতিজা একই সংসদে নির্বাচিত হওয়ায় বিষয়টি রাজনৈতিক অঙ্গনে বিশেষ আলোচনার জন্ম দিয়েছে। হুম্মাম কাদের চৌধুরী সাবেক মন্ত্রী সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে।

এছাড়া নগরের চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী, হালিশহর ও খুলশী) আসন থেকে নির্বাচিত হয়েছেন সাঈদ আল নোমান। তিনি ১ লাখ ২১ হাজার ৩৭৪ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি প্রয়াত বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের ছেলে।

তিনজনের বাড়িই রাউজানের গহিরা গ্রামে। গিয়াস উদ্দিন কাদের ও হুম্মাম কাদের বক্স আলী চৌধুরী বাড়ির বাসিন্দা। সেখান থেকে প্রায় আধা কিলোমিটার উত্তরে সাঈদ আল নোমানের বাড়ি। একই গ্রাম থেকে তিনজন সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দা ও গহিরা কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি নুর উদ্দিন চৌধুরী বলেন, ‘দেশের মধ্যে গহিরাই সম্ভবত একমাত্র গ্রাম, যেখান থেকে এবারের নির্বাচনে তিনজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ফল ঘোষণার পর থেকেই এলাকায় আনন্দ-উচ্ছ্বাস চলছে।’

গহিরা গ্রাম ঐতিহ্যগতভাবেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রয়াত মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর আবদুল্লাহ আল হারুন এবং পূর্ব পাকিস্তান পার্লামেন্টের স্পিকার ও পাকিস্তানের অস্থায়ী রাষ্ট্রপতি ফজলুল কাদের চৌধুরীর বাড়িও এই গ্রামে।

রাউজান থেকে নির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘একই গ্রাম থেকে তিনজন সংসদ সদস্য নির্বাচিত হওয়া নিঃসন্দেহে গর্বের বিষয়। নিজ নিজ সংসদীয় এলাকার পাশাপাশি গ্রামের উন্নয়নেও তাঁরা ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।’

গহিরা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রায়হান মাহমুদ বলেন, ‘এটি শুধু রাজনৈতিক অর্জন নয়, গ্রামের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। তিনজন সংসদ সদস্য একসঙ্গে এলাকার শিক্ষা ও আর্থসামাজিক উন্নয়নে কাজ করলে গহিরা আরও এগিয়ে যাবে।’

ভিডিও