ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি সারাদেশে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোটের জয়জয়কার হলেও চট্টগ্রামের ৩টি আসনে বড় ব্যবধানে জয়ী হয়েছে ‘না’ ভোট। চট্টগ্রাম-৮, চট্টগ্রাম-১২ ও চট্টগ্রাম-১৩ আসনের ভোটাররা জুলাই সনদের বিপক্ষে মত দিয়েছেন।
সর্বশেষ প্রাপ্ত বেসরকারি ফলাফলে দেখা গেছে, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে ২ লাখ ৬১ হাজার ৪৭ জন ভোটারের মধ্যে ১ লাখ ৩১ হাজার ৪৯৩ জন ‘না’ ভোট দিয়েছেন। চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ১ লাখ ৯৩ হাজার ৪৯৩টি ভোটের মধ্যে ‘না’ ভোটের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৮১৪। আর চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে ২ লাখ ২১ হাজার ৩৫ জন ভোটারের মধ্যে ১ লাখ ২৪ হাজার ৬২৯ জন ‘না’ ভোট দিয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানালেও স্থানীয় বিএনপি নেতাদের ‘না’ ভোটের প্রচারণা এবং আওয়ামী লীগের ভোট যুক্ত হওয়ায় এই ফলাফল এসেছে।
উল্লেখ্য, ‘না’ ভোটে জয়ী হওয়া ৩টি আসনেই বিএনপির প্রার্থীরা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।