বুধবার, ১৭ জুন ২০২৬

দক্ষিণ চট্টগ্রামে জামায়াতের টার্গেটে তিন আসন

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৪

দক্ষিণ চট্টগ্রামের পাঁচটি আসনের মধ্যে পটিয়া ,আনোয়ারাতে বিএনপি এবং চন্দনাইশ,সাতকানিয়ায় এলডিপি ও জামায়াতে ইসলামী ভালো অবস্থানে রয়েছে। আবার বাঁশখালীতে বিদ্রোহী প্রার্থী থাকায় এখানে বিএনপির অবস্থা অনেকটা নাজুক। এমন অবস্থায় ভোট কাটাকাটির ইস্যুতে বাঁশখালী আসনটিও জামায়াতের হাতে চলে যেতে পারে। সেরকম হলে দক্ষিণ চট্টগ্রামের পাঁচটির মধ্যে তিনটিই জামায়াতের হাতে আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপির এনামুল হক ও জামায়াতের ফরিদুল আলমের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। এনামুল হক দীর্ঘদিন থেকে এলাকায় কাজ করছেন। বিএনপির আসন হিসেবে পরিচিত এই আসনে তাই এগিয়ে আছেন ধানের শীষের প্রার্থী। এদিকে, বিএনপির প্রার্থী ভোট বাণিজ্য করছে এমন অভিযোগ তুলে আজ সংবাদ সম্মেলনও করেছেন ফরিদুল আলম।

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপির সরওয়ার জামাল নিজাম, জামায়াতে ইসলামীর মাহমুদুল হাসান চৌধুরী ও বৃহত্তর সুন্নি জোট থেকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এস এম শাহজাহানের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। তবে এ আসনে সরওয়ার জামালের শক্ত অবস্থান। এখানে বিএনপির প্রার্থী এগিয়ে রয়েছেন।

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে বিএনপির জসীম উদ্দিন আহমেদের প্রতিদ্বন্দ্বী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমদের ছেলে ওমর ফারুক ভালো অবস্থানে আছেন। তাঁকে জামায়াত ইসলামী সমর্থন দিয়েছে। কেউ কেউ মনে করছেন, এখানে বিএনপির ভোট বিএনপি এবং এলডিপি দুই ভাগে ভাগ হবে। আবার এখানে সুন্নি জোটের প্রার্থী সোলা্ইমান ফারুকীও আলোচনায় রয়েছেন। তিনি দুইবার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি চন্দনাইশ গাউছিয়া কমিটির সাথেও যুক্ত। সেক্ষেত্রে কিছু ভোট সুন্নি জোটের প্রার্থীর ঘরে যাবে বলে মনে করছেন ভোটাররা।

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে জামায়াতের শাহজাহান চৌধুরী ও বিএনপির নাজমুল মোস্তফা আমিন মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে এ আসন জামায়াত ইসলামীর পুরোনো ঘাঁটি বলে পরিচিত। এখানে শাহজাহান চৌধুরী আগেও সাংসদ হয়েছিলেন। সেই বিবেচনায় শাহজাহান চৌধুরী কিছুটা এগিয়ে আছেন জানিয়েছেন ভোটাররা।

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বিএনপির মিশকাতুল ইসলাম চৌধুরী ও জামায়াতের মুহাম্মদ জহিরুল ইসলাম ও বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী লেয়াকত আলীর মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেছে।

ভিডিও