বাংলাদেশ ট্রাভেল, ট্যুরিজম ও হসপিটালিটি অ্যাওয়ার্ড–২০২৫ এ ভূষিত হয়েছেন চট্টগ্রামের রিভারস্টোন রেস্টুরেন্টের ম্যানেজিং ডিরেক্টর মো. আক্কাস উদ্দিন। গত ২৯ জানুয়ারি ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত এক জমকালো অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
দি বাংলাদেশ মনিটর ও গ্যালাক্সি গ্রুপের যৌথ আয়োজিত শীর্ষস্থানীয় রেস্টুরেন্ট মালিক সেক্টরে তাঁর অবদানের স্বীকৃতি হিসেবে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাবের আহমেদ এবং দি বাংলাদেশ মনিটরের ম্যানেজিং ডিরেক্টর কাজী ওয়াহিদুল আলম। এছাড়াও পর্যটন ও হসপিটালিটি খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সম্মাননা গ্রহণকালে মো. আক্কাস উদ্দিন এই আয়োজনের আয়োজক কমিটি ও জুরি বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি রিভারস্টোন রেস্টুরেন্টকে এই সম্মাননার যোগ্য বিবেচনা করে তাকে পুরস্কৃত করায় সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জানান।
উল্লেখ্য, চট্টগ্রামের হসপিটালিটি খাতে রিভারস্টোন রেস্টুরেন্টের সেবামান ও উদ্যোক্তা হিসেবে মো. আক্কাস উদ্দিনের অবদান প্রশংসিত হয়ে আসছে।