রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রাম-১৫ আসন (সাতকানিয়া–লোহাগাড়া)

আচরণবিধি লঙ্ঘন, চট্টগ্রামে বিএনপির প্রার্থীকে শোকজ

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৭:০০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

সোমবার (১২ জানুয়ারি) কমিটির চেয়ারম্যান ও চট্টগ্রাম যুগ্ম জেলা ও দায়রা জজ রূপন কুমার দাশ এ নোটিশ দেন।

নোটিশে বলা হয়, গত ১১ জানুয়ারি প্রতীক বরাদ্দ পাওয়ার আগেই নাজমুল মোস্তফা আমিনের পক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবর রহমান লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে প্রয়াত বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে নির্বাচনী বক্তব্য দেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে প্রকাশ্যে ভোট প্রার্থনা করেন। ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

ভোট গ্রহণের তারিখের তিন সপ্তাহ পূর্বে এ ধরনের প্রচার কার্যক্রম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ৩ ও ১৮ বিধির পরিপন্থী এবং নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয় নোটিশে। এ বিষয়ে আগামী ১৪ জানুয়ারি সকাল ১০টায় সাতকানিয়া চৌকি আদালতে স্বশরীরে হাজির হয়ে লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের জন্য প্রার্থীকে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান রূপন কুমার দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চট্টগ্রাম-১৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে একটি অভিযোগ পাওয়া যায়। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।’

ভিডিও