বোয়ালখালীতে নিখোঁজের ৪ দিন পর মো. জসীম উদ্দীন (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার ৬নং পোপাদিয়া ইউনিয়নের বিদ্রগ্রাম এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জসীম উদ্দীন উপজেলার ৮নং শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মাতব্বর বাড়ির মরহুম আহমদ ছৈয়দের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, জসীম উদ্দীন গত রবিবার (৪ জানুয়ারি) থেকে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে বোয়ালখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেয়া হয়। পরে বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।