শনিবার, ১৩ জুন ২০২৬

দায়িত্বশীল পুলিং এজেন্ট নির্বাচনকে করবে গ্রহণযোগ্য: হেলালী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৬:০৯

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, নির্বাচনী প্রক্রিয়ায় পুলিং এজেন্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বলেন, দায়িত্বশীল ও সতর্কভাবে কাজ করলে তারা নির্বাচনী পরিবেশকে আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল করতে সহায়তা করবেন।

বুধবার (২৬ নভেম্বর) বিকালে হালিশহর থানার পুলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘পুলিং এজেন্টদের দৃঢ় মনোবল, সতর্কতা ও সংগঠিত অবস্থান দাড়িপাল্লার জয় নিশ্চিত করার পাশাপাশি গণতান্ত্রিক চর্চা সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

হেলালী আরও বলেন, নির্বাচনের দিনে পুলিং এজেন্টরা ভোট গ্রহণের প্রতিটি ধাপে নজরদারি ও সহায়তা প্রদান করেন। তাই তাদের যথাযথ প্রশিক্ষণ এবং দক্ষতা থাকা অত্যন্ত প্রয়োজন।

প্রশিক্ষণ কর্মশালায় হালিশহর থানা জামায়াতের আমীর ফখরে জাহান সিরাজী সবুজ সভাপতিত্ব করেন। তিনি বলেন, ‘নির্বাচনকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার দায়িত্ব পুলিং এজেন্টদের। ধৈর্য, সচেতনতা ও শৃঙ্খলা বজায় রাখা অপরিহার্য।’

সঞ্চালনা করেন আসন পরিচালনা কমিটির সদস্য সচিব ও পাহাড়তলী থানা আমীর নুরুল আলম।

মাস্টার ট্রেইনার হিসেবে বক্তব্য রাখেন নগর জামায়াতের মজলিসে শুরার সদস্য ও বাকলিয়া থানা আমীর সুলতান আহমদ, যিনি পুলিং এজেন্টদের করণীয়, আচরণবিধি এবং নির্বাচনী দিনে বিভিন্ন পরিস্থিতি মোকাবিলার কৌশল নিয়ে দিকনির্দেশনা দেন।

অন্যান্য উপস্থিত বক্তাদের মধ্যে ছিলেন কাউন্সিলর প্রার্থী অ্যাডভোকেট মাহবুবুর রহমান এবং শেখ জুবায়ের, যারা পুলিং এজেন্টদের দায়িত্বশীল ও নীতিবান হওয়া নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করার জন্য অপরিহার্য উল্লেখ করেন। তারা সকলকে নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার আহ্বান জানান।

ভিডিও