শনিবার, ১৩ জুন ২০২৬

চট্টগ্রাম জেলা প্রশাসকের সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৬:০৬

চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ নবাগত চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।

সাক্ষাৎকালে মহানগর আমীর নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে অভিনন্দন জানান এবং তাঁর সফল কর্মজীবন কামনা করেন। তিনি চট্টগ্রাম নগরীর সার্বিক উন্নয়ন, জনসেবামূলক কার্যক্রম ত্বরান্বিত করা এবং সামাজিক শান্তি-সম্প্রীতি বজায় রাখতে প্রশাসনের ভূমিকা আরও শক্তিশালী করার আহ্বান জানান।

মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘চট্টগ্রাম একটি বাণিজ্যনগরী ও কৌশলগত গুরুত্বপূর্ণ জেলা। এখানে শান্তি, উন্নয়ন ও জনসেবার প্রসারে প্রশাসন এবং সামাজিক নেতৃত্বের মধ্যে সমন্বিত সহযোগিতা প্রয়োজন।’

এ সময় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং চট্টগ্রামের উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন।

সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, মহানগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ মোরশেদুল ইসলাম চৌধুরী, নগর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-১০ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, নগর সাংগঠনিক সম্পাদক এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান প্রমুখ।

ভিডিও