,

 

কক্সবাজারে পানবরজ উচ্ছেদে গিয়ে হামলার শিকার বনকর্মী, আহত ৫

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : 27 July 2026, 01:05

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জে সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে গড়ে তোলা পানের বরজ উচ্ছেদে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার হয়েছেন বনকর্মীরা। হামলায় রেঞ্জ কর্মকর্তাসহ বনবিভাগের পাঁচ কর্মী আহত হয়েছেন।

সোমবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় গুরুতর আহত হয়েছেন পানেরছড়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ও ফরেস্ট রেঞ্জার শরিফুল আলম, ফরেস্ট গার্ড হুমায়ুন কবির, বাগান মালি সাইদুল ইসলাম, বাগান মালি মো. সাজিদ এবং ইআরটি সদস্য মিজানুর রহমান।

আহতদের মধ্যে রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলমসহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সংরক্ষিত বনভূমিতে জবরদখল করে গড়ে তোলা অবৈধ পানের বরজ উচ্ছেদে আইনানুগ অভিযান পরিচালনার সময় ভূমিদস্যুদের সংঘবদ্ধ হামলার শিকার হন বন বিভাগের পাঁচ কর্মী। আহতদের মধ্যে রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলমের অবস্থা আশঙ্কাজনক। প্রয়োজন হলে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করা হতে পারে।

ডিএফও আরও জানান, বনভূমি জবরদখল ও বনকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

হামলায় জড়িতদের মধ্যে পানেরছড়া সমিতিপাড়া ও দক্ষিণ মিঠাছড়ি এলাকার ৬ নম্বর ওয়ার্ডের নাজির (৫০), সাহাবউদ্দিন, জসিম ও আবদুল্লাহসহ অজ্ঞাতনামা আরও অনেকে জড়িত ছিলেন বলে বন বিভাগ সূত্রে জানা গেছে।

পূর্বতারা/ইউডি/টিএ

ভিডিও