চট্টগ্রামের কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকায় পিকআপ ভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকালে শাহ আমানত সেতুর প্রথম সিঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন- আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামের বাসিন্দা দুর্গাপদ মল্লিক (৭০) ও তার ছেলে বিধান মল্লিক (৪৭)। বিধান মল্লিক কর্ণফুলীর দৌলতপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন। তারা নগরের পাথরঘাটা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের ইনচার্জ আবু সাঈদ বাকের জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে নতুন ব্রিজ থেকে মইজ্জ্যারটেকের দিকে একটি পিকআপ ভ্যান এবং একটি মোটরসাইকেল যাচ্ছিল। শাহ আমানত সেতুর প্রথম সিঁড়ি এলাকায় পৌঁছানোর পর দুটি যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের পেছনে বসা দুর্গাপদ মল্লিক গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
অপরদিকে মোটরসাইকেল চালক বিধান মল্লিক গুরুতর আহত হন। স্থানীয়রা ও উদ্ধারকারীরা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পর্যবেক্ষণের পর তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজন বাবলা মল্লিক বলেন, ‘তার ভাই বিধান মল্লিক মোটরসাইকেলে করে বাবাকে বাড়ি নিয়ে যাচ্ছিলেন। তার বাবাকে পৌঁছে দেওয়ার পর তার ভাইয়ের স্কুলে যাওয়ার কথা ছিল। পথে দুর্ঘটনায় দুজনেরই প্রাণহানি ঘটে।’
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দীন তালুকদার বলেন‘দুর্ঘটনায় আহত অবস্থায় বিধান মল্লিককে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অপর নিহত দূর্গাপদ মল্লিককেও চমেক হাসপাতালে আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
পূর্বতারা/ইউডি