চট্টগ্রামের পাহাড়তলী রাসমণি ঘাট থেকে অবৈধ ব্যাটারিরিকশা আটক করে ডাম্পিং স্টেশনে আনার সময় চালকের ধাক্কায় গুরুতর আহত পুলিশ কনস্টেবল আবদুল কুদ্দুস (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার (২০ মে) সকাল ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
চমেক হাসপাতালে কর্মরত জেলা পুলিশের উপপরিদর্শক (এসআই) আলাউদ্দীন তালুকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, গত শুক্রবার সন্ধ্যায় রাসমনি ঘাট এলাকায় অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা আটক করেন কনস্টেবল কুদ্দুস। পরে সেটি মনসুরাবাদ ডাম্পিং স্টেশনে নিয়ে আসছিলেন। এসময় তিনি আটক রিকশাটির চালকের পাশে বসেছিলেন। তবে পথিমধ্যে চালকের ধাক্কায় তিনি সড়ক বিভাজকে পড়ে গুরুতর আহত হন। এরপর তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
পূর্বতারা/ ইউডি